Showing posts with label সারাদেশ. Show all posts
Showing posts with label সারাদেশ. Show all posts

Thursday, June 4, 2020

বাহারছড়ায় ইউপি সদস্য আনোয়ারার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন

বাহারছড়ায় ইউপি সদস্য আনোয়ারার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদ ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য আনোয়ারা বেগমের নামে মিথ্যা সংবাদ প্রচারে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে  প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ক্ষুদ্ধ এলাকাবাসী। ৪ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় শীলখালী বাজার এলাকায় এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়।

জানা যায়, বাহারছড়া ইউনিয়ন পরিষদের  সাবেক সদস্য ও প্যানেল চেয়ারম্যান শামসু উদ্দিন আহাম্মদ ও তার স্ত্রী নারী ইউপি সদস্য আনোয়ারা বেগমের পরিবারের বিরুদ্ধে একই এলাকার একটি কুচক্রী মহল মিথ্যা মামলাসহ নানা ধরণের ষড়যন্ত্র করে চলছে একের পর এক। এই পরিবারটির বিরুদ্ধে একাধিক বার হয়রানি ও ষড়যন্ত্র করার পরেও ক্ষান্ত হয়নি ষড়যন্ত্রকারীরা।  কিছু দিন আগে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে  একাত্তর টেলিভিশনে আনোয়ারার বেগমের বিরুদ্ধে বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতার টাকা আত্মসাৎ করার বানোয়াট  অভিযোগ তুলে একটি ডাহা মিথ্যা সংবাদ প্রচার করেছে বলে দাবী ভুক্তভোগী পরিবারের সদস্য মেম্বার আনোয়ারা বেগমের। এ ঘটনায় এলাকাবাসী আনোয়ারা বেগমের ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে চরম ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন করেন। অপরদিকে টিভিতে সংবাদ প্রচারের পর কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ঘটনার তদন্তে টেকনাফ উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তা সিরাজ উদ্দিন ও গিয়াস উদ্দিনকে তদন্তের দায়িত্ব দেন বলে জানাগেছে । এতে তারা ঘটনাস্থলে তদন্তে আসলে বেরিয়ে আসে ষড়যন্ত্রের থলের বিড়াল, সংবাদে আনোয়ারা বেগমের বিরুদ্ধে বক্তব্য প্রদানকারী স্থানীয় শামলাপুর পুরানপাড়ার বাসিন্দা ছমুদা বেগম, শামসুন নাহার ও শীলখালী এলাকার গোল চম্পা ও আব্দুল হাকিমকে জৈনক আজিজ উল্লাহ ও আলী আকবর নামে দুই ব্যাক্তি মোটা অংকের টাকার লোভ দেখিয়ে এলাকার সহজ সরল লোকদের দিয়ে সাংবাদিকদেরকে সংবাদে মিথ্যা তথ্য দেয়ার জন্য বলে আনোয়ারা বেগমের বিরুদ্ধে, এমনটি লিখিত বক্তব্য সমাজ সেবা কর্মকর্তা ও সাংবাদিকদেরকে ভিডিও বক্তব্য প্রদান করেন তারা।

এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সমাজ সেবা কর্মকর্তা সিরাজ উদ্দিন। এই বিষয়ে বাহার ছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন বলেন, ঘটনার কোন সত্যতা আছে বলে মনে হয় না, শুনছি নারী ইউপি সদস্য আনোয়ার বেগমের পরিবারের বিরুদ্ধে স্থানীয় একটি মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছে, এইটিও ষড়যন্ত্রের অংশ। এলাকাবাসীর কাছ থেকে এমন কোন ষড়যন্ত্র প্রত্যাশা করেন না বলে জানান তিনি।

Wednesday, May 6, 2020

টেকনাফ থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় ৩ জন ডাকাত নিহত, আহত ৫ জন পুলিশ সদস্য, উদ্ধার করা হয় বিপুল পরিমান অস্ত্রসহ ইয়াবাঃ

টেকনাফ থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় ৩ জন ডাকাত নিহত, আহত ৫ জন পুলিশ সদস্য, উদ্ধার করা হয় বিপুল পরিমান অস্ত্রসহ ইয়াবাঃ

তারিখ-০৬/০৫/২০২০খ্রিঃ।
মিডিয়া রিলিজ।

টেকনাফ থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় ৩ জন ডাকাত নিহত, আহত ৫ জন পুলিশ সদস্য, উদ্ধার করা হয় বিপুল পরিমান অস্ত্রসহ ইয়াবাঃ

অদ্য ০৬/০৫/২০২০খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৪:৩০ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউপিস্থ রঙ্গীখালী গাজীপাড়া সাকিনের পশ্চিম দিকে পাহাড়ের পাদদেশে অপহৃত বাঙ্গালী ভিকটিম সাহেদ ও ইদ্রিসদ্বয়সহ রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম এবং তার অন্যান্য সহযোগী ডাকাতদের নিয়ে অবস্থান করছে মর্মে টেকনাফ থানা পুলিশ গোপনসূত্রে সংবাদ পান। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার অফিসার ইনচার্জ জনাব প্রদীপ কুমার দাশ, বিপিএম, পিপিএম(বার) সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৬/০৫/২০২০খ্রিঃ ভোর অনুমান ০৬:৩০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছলে ডাকাতদলের সদস্যরা গুলি করতে করতে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল হতে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করতে সক্ষম হন। পুলিশ ও ডাকাত দলের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত ৩ জন ব্যক্তিকে ঘটনাস্থল হতে উদ্ধারপূর্বক দ্রুত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করতঃ উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করলে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা তারা মৃত্যুবরণ করে। উল্লেখ্য যে, ডাকাত আঃ হাকিম আপহৃত ভিকটিমদের নিয়ে পাহাড়ে আত্মগোপণে থাকায় তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। আঃ হাকিম ডাকাতকে গ্রেফতারসহ অপহৃত ভিকটিমদের উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

ক) নিহত ডাকাতদের নামঃ
 ১। সৈয়দ আলম(৩৮), পিতা-মৃত আব্দুল মজিদ@ ভোলাইয়া বৈদ্য, সাং-রঙ্গীখালী, জুম্মাপাড়া, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ
 ২। নুরুল আলম(৩৭), পিতা-মৃত আব্দুল মজিদ@ ভোলাইয়া বৈদ্য, সাং-রঙ্গীখালী, জুম্মাপাড়া, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ
 ৩। মোঃ মনাইয়া(২২), পিতা-সাব্বির আহম্মদ, সাং-রঙ্গীখালী, জুম্মাপাড়া, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, সর্বজেলা-কক্সবাজার। 

খ) ঘটনার তারিখ ও সময়ঃ- ০৬/০৫/২০২০খ্রিঃ সকাল ০৬:৩০ ঘটিকা। 
গ) ঘটনাস্থলঃ-টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউপিস্থ রঙ্গীখালী গাজীপাড়া সাকিনের পশ্চিম দিকে পাহাড়ের পাদদেশে। 
ঘ)  উদ্ধারঃ 
১। ৫(পাঁচ) টি একনলা বন্দুক, 
২। ২(দুই) থ্রি কোয়াটার বন্দুক, 
৩। ১০(দশ) টি এলজি, 
৪। ১(এক) টি বিদেশী পিস্তল, 
৫। ১১(এগার) রাউন্ড রাইফেলের গুলি, 
৬। ৮(আট) রাউন্ড পিস্তলের গুলি, 
৭। ২০৫(দুইশত পাঁচ) রাউন্ড তাজা কার্তুজ, 
৮। ৭২ (বাহাত্তর) রাউন্ড কার্তুজের খোসা, 
৯। ৫৬,০০০ (ছাপান্ন হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, 
১০। ৩(তিন) সেট বিজিবি ও ১০(দশ) সেট পুলিশের পোশাক।

ঙ) পুলিশ কর্তৃক গুলি বর্ষনের পরিমাণ - শটগান হতে ৩২০ রাউন্ড, পিস্তল হতে ০৯ রাউন্ড, চায়না এসএমজি হতে ২৫ রাউন্ড, চায়না রাইফেল হতে ১৫ রাউন্ড ফায়ার এবং ০৯ টি সাউন্ড গ্রেনেড এর বিষ্ফোরন।
চ) আহত পুলিশ সদস্যরা হলেনঃ- পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব লিয়াকত আলী, এসআই(নিরস্ত্র)মশিউর রহমান, এএসআই(নিরস্ত্র)সনজীব দত্ত, এএসআই(নিরস্ত্র)মিঠুন কুমার ভৌমিক।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Wednesday, April 29, 2020

করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী হিরো কনস্টেবল জসিম

করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী হিরো কনস্টেবল জসিম

অনলাইন ডেস্কঃ মৃত করোনা রোগীর জানাজা, দাফন ও পলাতক রোগীদের ধরে আনাসহ করোনার এই ক্রান্তিকালে বিভিন্ন জনবান্ধব কাজে জড়িয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। করোনা বিস্তাররোধে প্রতিটি কাজেই মানুষের খুব কাছে যেতে হচ্ছে পুলিশকে। এসব কাজের মাধ্যমে নিজের অজান্তেই করোনায় আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা।

করোনাযুদ্ধে সাধারণ মানুষের সুরক্ষার জন্য জেনেশুনেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে আসা পুলিশ বাহিনীর সদস্য হিসেবে প্রথম জীবন দিলেন কনস্টেবল জসিম উদ্দিন (৩৯)। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের ওয়ারী থানার কনস্টেবল জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি মঙ্গলবার (২৮ এপ্রিল) মারা গেছেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

ওয়ারী ফাঁড়িতে দায়িত্বরত থাকার সময় করোনায় সংক্রমিত হন কনস্টেবল জসিম উদ্দিন। গত ২৪ এপ্রিল তার শরীরে প্রথম করোনার উপসর্গ দেখা দেয়। এরপর হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতির কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মঙ্গলবার রাত ১০টায় তিনি মারা যান।

আজকের পরীক্ষার রিপোর্ট আসে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইফতেখার আহমেদ।

তিনি জাগো নিউজকে বলেন, ‘গত ২৪ এপ্রিল করোনা উপসর্গ দেখা দেয়ার পর তার স্যাম্পল নিয়ে আইইডিসিআরে পাঠানো হয় এবং তাকে পাঠানো হয় রাজারবাগে হোটেল আল সালামে পুলিশি তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে। গত রাতে তিনি ঢামেক হাসপাতালে মারা যান। আজকে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছি।’

করোনাযুদ্ধে প্রথম পুলিশ সদস্য হিসেবে জসিম মারা যাওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন ওয়ারীর ডিসি ইফতেখার। তিনি বলেন, আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি আরও বলেন, জাতীয় ও বৈশ্বিকভাবে করোনার যে প্রাদুর্ভাব, এটা মোকাবিলায় চিকিৎসক-নার্সদের পাশে থেকে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে কাজ করছে পুলিশ। পুলিশ সদস্য হিসেবে করোনায় জসিমই প্রথম মারা গেলেন। এটা আমাদের বাহিনীর জন্য দুঃখের ও অপূরণীয় ক্ষতির। দুঃখজনক যেকোনো মৃত্যুই কাম্য নয়।

‘আবার একই সঙ্গে (জসিমের মৃত্যু) গর্বের বিষয়। করোনার এই সংকটকালে জাতির সেবায় পুলিশ কনস্টেবল জসিম যেভাবে নিজের জীবনকে উৎসর্গ করে গেলেন, তা বাংলাদেশ পুলিশকে, একই সঙ্গে পরিবারকেও গর্বিত করবে। এই মহাদুর্যোগ মুহূর্তে সম্মুখ সারিতে থেকে সাহস, দৃঢ়তা রেখে যে জাতি ও দেশকে ডিএমপির তথা পুলিশের একজন সদস্য হিসেবে যে সহযোগিতা তিনি করে আসছিলেন, এটা আসলে গর্বের মৃত্যু বলে আমি মনে করি। তার মৃত্যু পুলিশের প্রত্যেকটি সদস্যকে গর্বিত করবে, উৎসাহিত করবে, কাজের মনোবলকে আরও বাড়িয়ে দেবে’- বলেন ওয়ারী ডিসি ইফতেখার আহমেদ।

আইজিপির শোক

এদিকে করোনা আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের কনস্টেবল জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

কনস্টেবল জসিমকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে পুলিশ এগিয়ে যাবে বলেও উল্লেখ করেছেন আইজিপি।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এক বার্তায় বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, করোনা মোকাবিলায় মাঠ পর্যায়ের প্রধান সম্মুখযোদ্ধা বাংলাদেশ পুলিশের এক গর্বিত সদস্য কনস্টেবল মো. জসিম উদ্দিন (৪০) করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চলমান করোনাযুদ্ধে দেশের জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে মো. জসিম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সাথে দেশমাতৃকার সেবায় তার এমন আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ।

করোনাযুদ্ধে প্রথম আত্মোৎসর্গকারী জসিম উদ্দিন ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। করোনাকালে অর্পিত দায়িত্ব পালনকালে হঠাৎ করে জ্বরে আক্রান্ত হ‌লে গত ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর থেকেই তিনি কোয়ারেন্টাইনে ছিলেন।

কিন্তু গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার রাতে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় হঠাৎ করেই বে‌শি অসুস্থ হয়ে পড়‌লে তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক রাত ১০টায় জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আজ ২৯ এপ্রিল সকালে আইইডিসিআর থেকে জানানো হয়, জসিম উদ্দিন করোনা পজেটিভ ছিলেন অর্থাৎ তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।

সোহেল রানা বলেন, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় জসিম উদ্দিনের মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় পাঠানো হবে। সেখানেই ধর্মীয়রীতি মেনে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রীসহ দুই মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। করোনা যুদ্ধে আত্মোৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনের পরিবারের পাশে থাকবে বাংলাদেশ পুলিশ।

Wednesday, April 22, 2020

মালেশিয়া থেকেই মিজানুর রহমান আজহারির নিজ তত্ত্বাবধায়ান বাংলাদেশে ৭১ লাখ টাকার ত্রান বিতরণ

মালেশিয়া থেকেই মিজানুর রহমান আজহারির নিজ তত্ত্বাবধায়ান বাংলাদেশে ৭১ লাখ টাকার ত্রান বিতরণ

অনলাইন ডেস্কঃ আলহামদুলিল্লাহ.. “রমজান ফুড প্যাক” এর তহবিল সংগ্রহের জন্য আমরা সাত দিনের সময়সী"মা বেঁধে দিয়েছিলাম। এই সাতদিনে তহবিলে (দুটি ব্যাংক একাউন্ট ও দুটি বিকাশ) সর্বমোট একাত্তর লক্ষ পঁচিশ হাজার আটশত একাশি (৭১,২৫,৮৮১) টাকা অনুদান এসেছে। প্রাপ্ত অনুদানের মাধ্যমে, সকলের সার্বিক সহযোগিতায়, বাংলাদেশের আটটি বিভাগের সর্বমোট ৩৫টি জেলা"য়, প্রায় সাড়ে পাঁচ হাজার দরিদ্র পরিবারের হাতে আমরা “রমজান ফুড প্যাক” পৌছেঁ দিচ্ছি। বেশীর ভাগ জেলাগুলোতেই বিতরণ কার্যক্রম শেষ। যে কয়টি জেলা এখনো বাকী আছে সেগুলোও রমাদানের আগেই সম্পন্ন হবে ইনশাআল্লাহ। এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করতে পারায়, আমরা মহান আল্লাহ তায়ালার সুমহান দরবারে মস্তকাবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি।

সারা বিশ্ব একই সাথে লকডাউন থাকার কারনে, দেশে বিদেশে অনেক জায়গায় ব্যাংক ও বিকাশ বন্ধ থাকায়, অনেকেই অনুদান পাঠানোর ইচ্ছা থাকা সত্বেও পাঠাতে পারেননি বলে জানিয়েছেন। পাশাপাশি, মাত্র দুটি বিকাশ নাম্বার হওয়ায়, বারবার সেগুলো লিমিট ক্রস করায়, অনেক অনুদান গ্রহণ করা সম্ভব হয়নি। গত সাত দিন যাবৎ, টানা ২৪ ঘন্টা এই নাম্বার দুটোতে অনবরত ফোন আসায়, সব গুলো ফোন রিসিভ করাও সম্ভব হয়নি। এজন্য আমরা দু:খ প্রকাশ করছি। তবে, আমাদের আন্তরিকতায় কোন ঘাটতি ছিল না। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। . “রমজান ফুড প্যাক ২০২০” এর ভিতরে আমরা যা রেখেছি: * চাল ৫ কেজি * ডাল ২ কেজি * আলু ২ কেজি * পেঁয়াজ ২ কেজি * তেল ২ কেজি * ছোলা ১ কেজি * চিনি ১ কেজি * লবন ১ কেজি * মুড়ি ৫০০ গ্রাম * খেজুর ৫০০ গ্রাম * ডেটল সাবান ২ টি .

লকডাউনের কারণে পন্যের অপর্যাপ্ততায়, কয়েকটি জেলায় আইটেমে সামান্য কিছু কমবেশি হতে পারে। তবে, বেশীরভাগ জেলাতেই হুবহু একই ফুড আইটেম মেনটেইন করা হয়েছে। . আমি দেশে না থাকায়, সরেজমিনে ও স্বশরীরে প্রজেক্টের কাজ পর্যবেক্ষণ করতে না পারলেও, সার্বক্ষণিক কো-অর্ডিনেটরদের সাথে ফোনে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সামগ্রিক কার্যক্রম মনিটরিং করেছি এবং প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা দিয়েছি। আর্থিক সকল হিসাবের পরিপূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে, পুরো সাত দিনের বিকাশ নাম্বার দুটোর মানি ট্রান্সফার লিস্ট, একাউন্ট দুটোর সাত দিনের ব্যাংক স্টেটমেন্ট, খরচের সকল মানি রিসিপ্ট, ভাউচার, পে-স্লিপ, লজিস্টিক মিসসেলিনিয়াস, ফুড প্যাক প্রাপ্তদের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার ইত্যাদি কালেক্ট করে, ডকুমেন্টারি ফাইল আকারে সংরক্ষণ করা হচ্ছে।
“রমজান ফুড প্যাক” প্রজেক্টের সম্মানিত প্রজেক্ট কো-অর্ডিনেটরদ্বয়, জেলা পর্যায়ের কো-কোঅর্ডিনেটরবৃন্দ, সকল টীম মেম্বার এবং সেচ্ছাসেবক ভাইদের বোনদের জানাচ্ছি আন্তরিক শুকরিয়া। আপনাদের নিরলস আন্তরিক পরিশ্রমের ফলেই পুরো প্রজেক্টটি সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে। আল্লাহ তায়ালা আপনাদেরকে এর উত্তম প্রতিদান দিক। আর, জাতীয় এ দুর্যোগ কালে বিপদগ্রস্থদের পাশে আর্ত মানবতার সেবায় যারা এগিয়ে এসেছেন, তাদের এই অনুদানকে আল্লাহ তায়ালা আখিরাতের মুক্তির মাধ্যম বানাক। আমিন। . বিভিন্ন জেলায় “রমজান ফুড প্যাক” বিতরণের কিছু খন্ডচিত্র নিচে আপলোড করা হল। ইচ্ছা করেই ফুড প্যাক প্রাপ্ত কারো চেহারা দেখানো হয়নি।

Saturday, April 18, 2020

বিশ্বাস রাখুন, “আমরা করবো জয় একদিন।” - মনিরুল ইসলাম

বিশ্বাস রাখুন, “আমরা করবো জয় একদিন।” - মনিরুল ইসলাম

লিখেছেনঃ মনিরুল  ইসলাম
লিখেছেনঃ মনিরুল ইসলাম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর কিছু পড়াশুনা ও মুভি দেখার কারনে ‘হলোকাষ্ট’ ও জেনারেল আইখম্যানের ভূমিকা জানা থাকলেও তার পরিণতিটা জানতাম না। জেনোসাইড স্টাডিজে পোষ্ট-গ্রাজুয়েশন ডিপ্লোমা করাকালীন জানতে পারি যে আইখম্যান হিটলারের পরাজয়ের পর জীবন বাঁচাতে জার্মানী থেকে পালিয়ে যায়। নাম ও পরিচয় গোপন করে সে আর্জেন্টিনাতে আশ্রয় নেয়। ‘রিকার্ডো ক্লেম্যান্ট’ নামের এই শ্রমিক যে আসলে আইখম্যান এটি ইজরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’ নিজস্ব তৎপরতায় ঠিকই জেনে যায়। বিপুল সংখ্যক ইহুদি হত্যার অন্যতম প্রধান কারিগর আইখম্যানের সাজা দিতে ইজরায়েলের দৃঢ সংকল্পের কারনে ‘মোসাদ’ তাকে খুঁজে বের করতে মরিয়া ছিল। সন্ধান পেলেও তার বিচার করাটা এতোটা সহজ ছিল না। কেননা, শুধু আইখম্যান একা নয়, আরও বেশ কিছু নাৎসি আর্জেন্টিনায় আশ্রয় নিয়েছিল। আর্জেন্টিনা ঐ সময়ে নাৎসিদের প্রতি সহানুভূতিশীল দেশ হিসেবেই পরিচিত ছিল। বঙ্গবন্ধুর কোন কোন খুনির মতই আইখম্যান নাৎসি সমর্থকদের কাছে দম্ভ ও আফসোস করতো যে কেন সে ইউরোপের সব ইহুদি হত্যা করে নাই। এই অবস্থায় তাকে বিচার করার একমাত্র উপায় ছিল তাকে ইজরায়েলে নিয়ে আসা। আর্জেন্টিনা কোন ভাবেই তাকে ইজরায়েলের কাছে হস্তান্তর করবে না এটা জেনেই ‘মোসাদ’ তাকে অপহরণ করে ইজরায়েলের নিয়ে আসার পরিকল্পনা করতে থাকে। শেষ পর্যন্ত ১৯৬০ খ্রিষ্টাব্দে মোসাদের সদস্য ঠিকই তাকে অপহরণ করে ইজরায়েলে নিয়ে আসে। বিচারের মাধ্যমে ১৯৬১ খ্রিঃ ডিসেম্বরে তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। ‘Operation Finale’ সিনেমা দেখার পর আমার মনে হয়েছিল যে মোসাদের ব্যর্থতার ইতিহাস খুবই বিরল। Netflix এ “The Spy” সিরিজটি দেখার পর এই বিশ্বাস আরো দৃঢ হয়। কেজিবি, সিআইএ, সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস (MI6), RAW কিংবা ISI এরও নানারকম সাফল্য নিয়ে প্রচুর লেখালেখি যেমন হয়েছে ঠিক তেমনি অসংখ্য সিনেমা, নাটক ও প্রামান্য চিত্র নির্মিত হয়েছে। এই সকল এজেন্সী স্ব স্ব পদ্ধতিতে শত্রুর সম্পর্কে তথ্য সংগ্রহ, যাচাই, বিশ্লেষন এবং শত্রুকে মোকাবিলা করে কিংবা করার উপায় সম্পর্কে সরকারকে তথ্য সরবরাহ করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর দুই পরাশক্তি পরস্পরকে শত্রু ধরে নিয়ে নিজ নিজ গোয়েন্দা সংস্হাকে নিয়োজিত করেছে। সমাজতন্ত্রের পতন এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাবার পর ক্ষমতাধর দেশগুলোর শত্রুর সংজ্ঞা পাল্টে যায়। ফলে সমরাস্ত্র বানানোর গুরত্ব কিছুটা কমিয়ে দিয়ে অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দেয়। ফলে, ক্ষমতাধর দেশগুলো ক্ষেত্র বিশেষে সীমান্ত সমস্যার কারনে প্রতিবেশী তবে বেশীর ভাগ ক্ষেত্রেই অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীকেই প্রধান শত্রু গন্য করতে থাকে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে সেই অনুসারে নিয়োজিত করে।

এদিকে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের কারনে World Economic Forum চতুর্থ শিল্প বিল্পব এবং তার কারনে সুফলের পাশাপাশি যে বিরূপ প্রভাব পড়বে তা নিয়ে রীতিমত গবেষনা করতে থাকে। আমি Kraus Schwab এর “Shaping the Future of the Fourth Industrial Revolution” বইটি পড়ার পর আশ্বস্ত হই যে, AI, IOT, Big Data Analysis, Cryptocurrency ইত্যাদির কারনে বিশ্বে কোটি কোটি মানুষ কাজ হারিয়ে না খেয়ে মরবে না, বরং World Economic Forum মানবিক এক শিল্প বিল্পবের কথা ভাবছে যাতে করে সমগ্র মানব জাতির কল্যান হয়।

ভূমিকার পরে এবার আসল কথায় আসি। ২০১৯ খ্রিঃ শেষের দিকে যখন উহানে নভেল করোনা ভাইরাস ধরা পড়ে এবং হাজার হাজার মানুষ আক্রান্ত হতে থাকে তখন ও ক্ষমতাধর দেশগুলোর দক্ষ এজেন্সীগুলো মনে হয় শত্রুদের নিয়ে তাদের ধারনা পাল্টায় নাই। ২০২০ খ্রিঃ শুরুতে দেখা গেল বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে, প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন সংখ্যা। দেখা গেল কোন গোয়েন্দা সংস্থাই তাদের আসল শত্রুকে চিনতে পারে নি, এটি শতাব্দীর সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা। মোসাদ, সিআইএ, এমআই৬ সকলেই ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে বিশ্বের সবচেয়ে বিচক্ষণ দেশের নীতি নির্ধারকেরা ও। World Economic Forum-এর চিন্তায় অবশ্য বিষয়টি আসার কথা নয়, তাই তাদের ব্যর্থতা নিয়ে কিছু বলার নাই। বিগত বছরগুলোতে শত্রুর মোকাবিলায় মারনাস্ত্র তৈরি হয়েছে ঠিকই, কিন্তু আসল শত্রু না চেনার কারনে তার বিরুদ্ধে কোনরকম প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি একেবারেই। ফলে ঢাল তলোয়ার বিহীন মানুষ শত্রুর মোকাবিলায় প্রতিদিনই মার খাচ্ছে অসহায় ভাবে, আসল শত্রু করোনা বিনা বাধায় একের পর এক দেশ ও অঞ্চল দখল করে নিচ্ছে। ধনী, গরীব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নারী-পুরুষ, শিশু-আবাল-বৃদ্ধ-বণিতা, সাদা-কালো-বাদামী, হিন্দু-মুসলামান -খ্রিস্টান-বৌদ্ধ-ইহুদি-নাস্তিক- সবার সামনে এখন একটাই শত্রু, তাহ’লো করোনা।

বিশ্বের অন্যান্য দেশের মতই বাংলাদেশের ও এই মূহূর্তে প্রধান প্রতিপক্ষ, শত্রু করোনা ভাইরাস। এই শত্রু একেবারে অজানা না হলেও অদৃশ্য, তবে একেবারেই অদৃশ্য তা কিন্তু বলা ঠিক হবে না। কেননা, আমরা জানি যে কি করলে কার্যকরভাবেই এই শত্রুকে এড়িয়ে চলা সম্ভব। যেহেতু, হাতের কাছে করোনা শত্রু সামনাসামনি মোকাবিলার কোন কার্যকর অস্ত্র (ভ্যাকসিন কিংবা সুনির্দিষ্ট ওষুধ) নাই, সেহেতু, আপাততঃ শত্রুর মুখোমুখি না হয়ে এড়িয়ে চলার মাধ্যমেই নিজেদের সুরক্ষিত রাখা সম্ভব। তবে কতদিন এড়িয়ে চলবো সে প্রশ্ন উঠতেই পারে। আমি বলি বেশীদিন নয়, বিশ্বব্যাপী বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করছেন। কয়েকটি দেশেই যুগপৎ ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা চলছে, খুব বেশী হলে ছ’মাস, আমি বিশ্বাস করি এর বেশী সময় লাগবে না। তবে আমি এও বিশ্বাস করি, সুনির্দিষ্ট ওষুধ তার আগেই বাজারে আসবে, তখন করোনা ঠান্ডা জ্বরের চেয়ে বেশী কিছু মনে হবে না। কিন্তু তার আগে এই শত্রুকে এড়িয়ে চলার জন্য যে কাজগুলো করতে পারেন তা হ’লোঃ

* ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন;
* আতঙ্কিত না হয়ে সচেতন হোন, মানসিক শক্তি বাড়ান;
* করোনা মানেই নিশ্চিত মৃত্যু নয়, করোনা হলে আপনি বেঁচে গেলেও আপনার পরিবারের বয়স্ক কিংবা ক্রনিক রোগেভোগা সদস্য কিন্তু মারা যেতে পারেন, সেটি অবশ্যই মনে রাখতে হবে;
* ধর্মপালনে যার মানসিক প্রশান্তি আসে তিনি ঘরে বসেই নিজ ধর্ম বেশী বেশী করে পালন করুন, ছবি এঁকে, গান শুনে বা গেয়ে কিংবা মুভি দেখে যার ভাল লাগে তিনি ঘরে বসে তাই-ই করুন;
* যাচাই, বাছাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেওয়া তথ্য বিশ্বাস করবেন না। বরং মূল ধারার গনমাধ্যমের তথ্যে বিশ্বাস রাখুন, এই যুগে কোন তথ্য গোপন রাখা যেমন প্রায় অসম্ভব ঠিক তেমনি করোনা সম্পর্কে কোন তথ্য গোপন করার কোন কারন ও নাই;
* বিষোদগার কিংবা ঘৃনা বিদ্বেষ না ছড়িয়ে বরং করোনা মোকাবিলায় যারা ফ্রন্টলাইনে আছেন তাদের সমর্থন করুন, সহায়তা করুন;
* ইতোমধ্যেই, যারা ফ্রন্টলাইনে লড়াই করছেন যেমন, চিকিৎসাকর্মী, পুলিশ, প্রশাসন, সেনাসদস্য, সাংবাদিক-আপনাদের ভাই, আপনাদেরই আত্মীয় কিংবা বন্ধু-তাদের সহায়তা করুন, তাদের পাশে দাঁড়ান;
* আপনি যদি চিকিৎসাকর্মী, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, সংবাদকর্মী কিংবা আপনার স্ত্রী, সন্তান, মাতাপিতা, ভাইবোন, বন্ধু বা পাড়াপ্রতিবেশীকে সহায়তা করতে চান, তা’হলে ঘরেই থাকুন;
* জরুরী প্রয়োজনে বাইরে গেলেও স্বাস্থবিধি অক্ষরে অক্ষরে মেনে চলুন।

করোনার বিরুদ্ধে আমাদের লড়াইটা একেবারেই সাময়িক এবং সহজ ও বটে। WHO এবং IEDCR-এর পরামর্শ মেনে চলার মাধ্যমেই করোনাকে পরাজিত করা সম্ভব।

লিখেছেন
শ্রদ্ধেয় স্যার অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম
নির্বাহী প্রধান
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি),ডিএমপি।
কাজ হারাচ্ছেন দেশের ফ্রিল্যান্সাররা, সংকটে গিগ অর্থনীতি

কাজ হারাচ্ছেন দেশের ফ্রিল্যান্সাররা, সংকটে গিগ অর্থনীতি

ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর করার পর চাকরি-বাকরি না খুঁজে ফ্রিল্যান্স অনুবাদের কাজ শুরু করেন তোয়াসিন অফি। প্রথমে বাসায় বসে ব্যক্তিগত পরিসরে শুরু। এরপর একসময় নিজেই একটি এজেন্সি প্রতিষ্ঠা করেন। তাতে ভালোই চলছিল তাঁর, ছিল সচ্ছলতা, স্বপ্ন ছিল আরও বড় হওয়ার। কিন্তু কোভিড-১৯-এর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সব বদলে গেছে। অফিস তো বন্ধই, প্রাতিষ্ঠানিক পর্যায়েও কাজ চালানো সম্ভব হচ্ছে না, যা করছেন ব্যক্তিগত পরিসরে।

ফ্রিল্যান্সিংসহ গিগ অর্থনীতির চিত্রটা এখন সারা বিশ্বেই এমন। কোভিড-১৯–এর প্রভাবে ক্রমবর্ধমান এই গিগ অর্থনীতি অনেকটাই জৌলুস হারাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অর্থনীতির ভালো সময়ে এই ধরনের স্বাধীন ও ঠিকা কাজের বাড়বাড়ন্ত থাকে, কিন্তু সারা বিশ্বে লকডাউন শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই কাজের চাহিদা কমে গেছে। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন দেশের রাইড শেয়ারিংয়ের কর্মী, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন খাতের এই গিগ কর্মীরা।

কয়েক বছর ধরেই গিগ অর্থনীতি শব্দটি বিভিন্ন পরিসরে উচ্চারিত হচ্ছে। বলা হচ্ছে, মানুষ এখন আর দীর্ঘ মেয়াদে এক কাজ করবে না, একসঙ্গে একাধিক স্বল্পমেয়াদি কাজ করবে। প্রতিষ্ঠানগুলো পূর্ণকালীন কর্মীদের চেয়ে ফ্রিল্যান্সারদের গুরুত্ব বেশি দেবে এবং বেশির ভাগ কাজ এদের দিয়েই করাবে। এই ধারার সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষমতাকে বা এই রকম ফ্রিল্যান্স দক্ষতাগুলোকে বলা হচ্ছে ‘গিগ ক্যাপাসিটি’। যেই দেশ বা শহর যত বেশি প্রযুক্তিগতভাবে উন্নত ও গতিশীল, সেই দেশে বা শহরে এই ‘গিগ ক্যাপাসিটিসম্পন্ন’ লোকবলের দরকার বেশি হবে।

তোয়াসিন অফি বলেন, ‘অফিস তো বন্ধ এক মাস ধরে, কাজও অনেক কমে গেছে, এই পরিস্থিতিতে ঘরে বসে টুকটাক ফ্রিল্যান্সিংয়ের কাজ করছি, সেটাও আবার ব্যক্তিগত পর্যায়ে।’

তবে ফ্রিল্যান্সিংয়ের কাজ নির্ভর করছে এখানকার প্রতিষ্ঠানগুলো কোন দেশের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে, তার ওপর। আইটিভিত্তিক ফ্রিল্যান্স এজেন্সি ভিসের এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল মোস্তফা বলেন, যেসব দেশ খুব একটা আক্রান্ত হয়নি, তারা টুকটাক কাজ চালিয়ে যাচ্ছে, যেমন কানাডা। তাই কিছু কিছু প্রতিষ্ঠান এখনো কাজ চালিয়ে নিতে পারছে। আবার কাজের ধরনের ওপরও এই সময় কাজ প্রাপ্তি নির্ভর করছে বলে জানান তাঁরা। অনেকে আবার কম রেটে কাজ করছেন। তবে অনেক প্রকল্পই বাতিল হয়েছে। এই খাতের অনেক কর্মী কাজ হারাচ্ছেন। এই চিত্র ফ্রিল্যান্সিংয়ের প্রায় সব ক্ষেত্রের । কর্মীদের বেতন দিতে পারছেন কি না, এমন প্রশ্নের জবাবে আরেক আইটিভিত্তিক ফ্রিল্যান্সিং এজেন্সির কর্ণধার নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে বলেন, ‘এখনো দিতে পারছি। তবে এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হলে কী হবে বলা যায় না। আমরা শঙ্কিত।’

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘উন্নত দেশে লক ডাউন চলছে বলে ফ্রিল্যান্সারদের কাজ কমে গেছে। আবার ফ্রিল্যান্সারদের ট্রেড লাইসেন্স বা আইনি সত্তা না থাকায় সরকারের প্রণোদনার আওতার বাইরে থেকে যাচ্ছেন তাঁরা। বেসিসের পক্ষ থেকে আমরা চেয়েছিলাম, ফ্রিল্যান্সারেরা একটা কাঠামোর মধ্যে আসুক। কিন্তু সেটা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অন্যদিকে মূল প্রতিষ্ঠানগুলো যে তাদের ক্ষতিপূরণ দেবে, তাও বোধ হয় সম্ভব নয়। এ জন্য কাঠামো থাকলে সুবিধা হতো। তবে যারা এখনো কিছু কাজ দিচ্ছে, তারা অনেকেই কাজের জন্য বেশি মূল্য দিচ্ছে।’

এই পরিস্থিতিতে আলমাস কবীরের পরামর্শ হচ্ছে, ফ্রিল্যান্সাররা যেন তাদের কাজের পরিসর বৃদ্ধি করে, শুধু বৈশ্বিক বাজারের দিকে তাকিয়ে না থেকে স্থানীয় বাজারের সম্ভাবনাও যেন তারা খুঁজে দেখে।

ব্যাপারটা হলো, স্বাস্থ্য সেবা সুবিধা বা আপৎকালীন সুবিধা না থাকলে এই কর্মীরা মহামারির মতো সময় মহাবিপাকে পড়েন। উন্নত দেশগুলোতেও এই বিতর্ক ইতিমধ্যে শুরু হয়েছে। সেসব দেশে অবশ্য বেকার ভাতা আছে, গিগ কর্মীদের অনেকেই বেকার ভাতার আবেদন করেছেন। সেখানেও এই ভাতা পেতে নানা বিপত্তির মুখে পড়ছেন এই কর্মীরা। কিন্তু বাংলাদেশ তো সেই সুযোগ নেই, এই দুর্যোগে নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হচ্ছে তাঁদের।

অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘গিগ অর্থনীতিতে নতুন কাজের সংস্থান হয়েছে। কাজের নতুন ধারণা নিয়ে এসেছে এই খাত। আমি মনে করি, দেশের জিডিপিতে এদের অবদান কতটা, তা পরিমাপ করা উচিত। অন্যান্য খাত যেমন সরকারের সহায়তা পাচ্ছে, তেমনি তাদেরও পাওয়া উচিত। বৈশ্বিক ব্যান্ডগুলোকেও এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এরা এত দিন তাদের হয়ে কাজ করেছে, তা-ই এই মুহূর্তে ফ্রিল্যান্সারদের কিছু ক্ষতিপূরণ দেওয়া উচিত তাদের।’

গিগ অর্থনীতির অন্যান্য খাতের মধ্যে রাইড শেয়ারিংয়ের কর্মীরা একেবারে বেকার হয়ে পড়েছেন। সরকারের নির্দেশে রাইড শেয়ারিং সেবা বন্ধ আছে। রাইড শেয়ারিং কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, এই পরিস্থিতিতে রাইডারদের সহায়তা করার পথ খুঁজছে তারা। ইতিমধ্যে কিছু সহায়তা করাও হচ্ছে।

এসব খাতে কাজ হারালেও গিগ অর্থনীতিতে আবার কিছু নতুন কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে মানুষ ঘর থেকে কম বেরোচ্ছে। অনেকে অনলাইন মার্কেট প্লেসগুলো থেকে নিত্যপ্রয়োজনীয় খাবারসহ অন্যান্য সামগ্রী কিনছেন। সে কারণে চাল-ডাল-সবজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এখন নতুন কর্মীও নিয়োগ দিচ্ছে। তবে এই খাতের নিয়মিত কর্মীদের মধ্যে অনেকে বাড়ি চলে গেছেন।

Monday, April 6, 2020

টেকনাফ বাহারছড়ায় তরুণদের সময়োপযোগী পদক্ষেপ

টেকনাফ বাহারছড়ায় তরুণদের সময়োপযোগী পদক্ষেপ

“মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উদীয়মান যুবসমাজের উদ্যোগে গঠিত হয়েছে “দরিদ্র তহবিল বাহারছড়া” নামের একটি ফাউন্ডেশন। 

বিশ্বের এই করোনা ভাইরাসের মহামারীর দুঃসময়ে আজ এই ভাইরাস থেকে পরিত্রাণ পেতে মানুষ যখন ঘর বন্দী , এই সময়ে হতদরিদ্র এবং দৈনিক শ্রমিকরা কর্মহীন হয়ে আজ বড় অসহায় হয়ে পড়েছে,  এই সময়ে তারা ধনী এবং স্বচ্ছল ব্যক্তিবর্গকের মুখে পানে চেয়ে আছে। 

বাংলাদেশের  প্রতিটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্র মানুষের প্রতি তাদের সহায়তার হাত সম্প্রসারিত করেছে ফলে বাহারছড়ার তরুণ শিক্ষার্থীরা বাহারছড়ার দৈনিক শ্রমিক এবং হতদরিদ্র লোকদের কথা ভেবে বাহারছড়ার চাকরিজীবী,  ব্যবসায়ী , রাজনীতিবিদ, প্রবাসী, স্বচ্ছল ব্যক্তিবর্গ এবং আঞ্চলিক ছাত্র সংগঠনের সহায়তার হাত কে ত্রাণ দেওয়ার শক্তির উৎস হিসাবে বিবচনা করে স্বচ্ছল ব্যক্তিদের সহায়তার হাতের শক্তি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিতে মাঠে নেমেছে অত্র এলাকার এক দল তরুণ শিক্ষার্থী। 

এই দুঃসময়ে আর্থিক সহয়তা এবং সৎ পরামর্শ দিয়ে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য অত্র এলাকার তরুণ শিক্ষার্থীদের আকুল আবেদন এবং  এই দুঃসময়ে হতদরিদ্র মানুষের পাশে পাবে বলে তারা আশাবাদী । 

সবাই তাদের জন্য দোয়া করবেন।

Monday, March 30, 2020

‘এক টাকায় আলোকিত কক্সবাজার’ ও ‘Better Together’র স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে বিতরণ

‘এক টাকায় আলোকিত কক্সবাজার’ ও ‘Better Together’র স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :
স্বেচ্ছাসেবী সংগঠনের “এক টাকায়
আলোকিত কক্সবাজার-দিবা স্বপ্নচারী এবং Better
Together” উদ্যেগে কক্সবাজার সদর হাসপাতাল,
কক্সবাজার মডেল থানা ও প্রায় ৬ কিঃমিঃ রাস্তায়
প্রাথমিকভাবে জীবাণুনাশক ছিটানো হয়েছে।

এসময় পথচারী, টমটম চালক ও রিক্সাচালকদের
মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং ব্যবহারে
সচেতন করা হয়। তাছাড়া রাস্তার পাশের মসজিদ,
মন্দির এবং প্রয়োজনীয় দোকানগুলোতে
জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তার-নার্সদের
ব্যবহারের জন্য ২০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার
হস্তান্তর করা হয় সদর হাসপাতালের RMO, শাহীন
আবদুর রহমান চৌধুরীর কাছে ।

নিরাপত্তাকর্মীদের ব্যবহারের জন্য কক্সবাজার
মডেল থানার ওসি মোঃ শাহাজাহান কবিরের হাতে
হস্তান্তর করা হয় ১৫০ বোতল হ্যান্ড স্যানিটাইজার।

উল্লেখ্য,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের “জেনেটিক ইঞ্জিনিয়ারিং
এন্ড বায়োটেকনোলজি” ডিপার্টমেন্টের
ল্যাবে তৈরি করা হয় বিতরণকৃত ১২০০ পিস হ্যান্ড
স্যানিটাইজার। যা WHO নির্দেশিত নিয়মানুযায়ী তৈরী
করা হয়েছে।
এই ক্যাম্পেইন সম্পর্কে জানতে চাইলে দিবা
স্বপ্নচারী-এক টাকায় আলোকিত কক্সবাজার এর
সদস্য মোরশেদুল ইসলাম রিফাত বলেন- “এই মুহুর্তে সবথেকে বেশি ঝুঁকিতে আছেন
ডাক্তার, নার্স এবং নিরাপত্তাকর্মীরা। তাই আমরা প্রাথমিকভাবে তাদেরকে কিছু সংখ্যক হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেছি । হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার ক্ষেত্রে আমরা পথচারী ও ড্রাইভার (যাদের নিয়মিত বাসা থেকে বের হতে হয় নানান প্রয়োজনে), মসজিদ-মন্দিরকে প্রাধান্য দিয়েছি।”
Better Together এর সহপ্রতিষ্ঠাতা রুহান আল ফারুক
এবং হেড অব অপারেশান ইনজামামুল হক সিবিএন নিউজকে বলেন - “আমরা ক্রমান্বয়ে পুরো কক্সবাজার শহরে জীবাণুনাশক ছিটানোর চেষ্টা করছি। একইসাথে আর্থিক অসচ্চল পরিবারকে
প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহের জন্য
ফান্ড কালেকশনের চেষ্টা করছি.”

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর চার বার্তা

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর চার বার্তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ মার্চ রোববার করোনাভাইরাস মোকাবিলায় পরামর্শ ও আহ্বান সংবলিত চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন। প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বার্তাগুলো প্রচারের জন্য অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর পরামর্শ ও বার্তাগুলো হচ্ছে নিম্নরূপ :

করোনাভাইরাস মোকাবিলায় আপনার করণীয়

প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বাইরে বের হলে মানুষের ভিড় এড়িয়ে চলুন। যারা করোনাভাইরাস-আক্রান্ত হয়ে বিদেশ থেকে ফিরেছেন, তারা ১৪ দিন সম্পূর্ণ আলাদা থাকুন। ঘন ঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে নিন। যেখানে-সেখানে কফ-থুথু ফেলবেন না। করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। মুসলমান ভাইয়েরা ঘরেই নামাজ আদায় করুন। অন্যান্য ধর্মাবলম্বীরাও ঘরে বসে প্রার্থনা করুন। পরিবার, পাড়া-প্রতিবেশি এবং দেশের মানুষের জীবন রক্ষার্থে এসব পরামর্শ মেনে চলা প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

সুরক্ষা ও চিকিৎসা সামগ্রীর ঘাটতি নেই

স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। পিপিইসহ পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। করোনাভাইরাস পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট মজুদ রয়েছে।

ঢাকায় ৪টি স্থানে এবং চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অন্য ৬টি বিভাগে করোনাভাইরাস পরীক্ষাগার স্থাপনের কাজ চলছে। কেউ গুজব ছড়াবেন না। গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনা ভাইরাসে ভীত হবেন না

করোনাবাইরাস দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও ততটা প্রাণঘাতী নয়। এই ভাইরাসে আক্রান্ত সিংহভাগ মানুষই কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে উঠে। নানা রোগে আক্রান্ত এবং বয়স্ক মানুষের জন্য এই ভাইরাস বেশ প্রাণ-সংহারী হয়ে উঠেছে। আপনার পরিবারের সংবেদনশীল মানুষটির প্রতি বেশি নজর দিন। আতঙ্কিত হবেন না। আতঙ্ক মানুষের যৌক্তিক চিন্তাভাবনার বিলোপ ঘটায়। আপনি, পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা যেন সংক্রমিত না হন, সে বিষয়ে সতর্ক থাকুন। আপনার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে।

সহনশীল ও সংবেদনশীল হোন

করোনাভাইরাসের কারণে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব এক সংকটময় সময় অতিক্রম করছে। এ সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে। বাজারে কোন পণ্যের ঘাটতি নেই। দেশের অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে সরবরাহ চেইন অটুট রয়েছে। অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না। যতটুকু না হলে নয়, তার অতিরিক্ত কোন ভোগ্যপণ্য কিনবেন না। সীমিত আয়ের মানুষকে কেনার সুযোগ দিন। অসহায় মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।

Friday, March 27, 2020

করোনায় জরুরি প্রয়োজনে কারখানা খোলা রাখা যাবে

করোনায় জরুরি প্রয়োজনে কারখানা খোলা রাখা যাবে

করোনায় জরুরি প্রয়োজনে কারখানা খোলা রাখা যাবে

শুক্রবার, ২৭ মার্চ ২০২০
জরুরি প্রয়োজনে শিল্পকারখানা চালু রাখা যাবে বলে জানিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। তবে স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের জারি করা স্বাস্থ্য নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে পরিপালন করেই কারখানা চালাতে হবে শিল্প মালিকদের।

ডিআইএফইর মহাপরিদর্শক শিবনাথ রায় গতকাল শুক্রবার এই নির্দেশনা দিয়েছেন। তাতে বলা হয়েছে, যেসব রপ্তানিমুখী কারখানায় ক্রয়াদেশ রয়েছে এবং করোনা প্রতিরোধে অপরিহার্য পণ্য-পারসোনাল প্রোটেকটিভ ইকুইমেন্ট (পিপিই), মাস্ক, হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজার, ওষুধ ইত্যাদি উৎপাদন কার্যক্রম চলছে সেসব কারখানার শিল্প মালিকেরা শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে কারখানা চালু রাখতে পারবেন। তবে কারখানায় প্রবেশের পূর্বে থার্মাল স্ক্যানার ব্যবহার করে শ্রমিকদের দেহের তাপমাত্রা পরীক্ষা করা বাধ্যতামূলক।

কোনা শ্রমিকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে সংগনিরোধ বা কোয়ারেন্টাইন করার পাশাপাশি চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে ডিআইএফই। অধিদপ্তর বলেছে, গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন ভাতা প্রদানের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদণা প্যাকেজ ঘোষনার পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান। তবে প্রধানমন্ত্রী বক্তব্যে শিল্প কারখানা বন্ধের কোন নির্দেশনা ছিল না।

সরকার থেকে নির্দেশনা না দিলেও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ গতকাল শ্রমিকদের নিরাপত্তার কথা চিন্তা করে মালিকদের কারখানা বন্ধ রাখার অনুরোধ করে। এদিকে আজ শুক্রবার নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান আগামী ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে বিশেষ নির্দেশনা দেন।

Thursday, March 26, 2020

গুজব ঠেকাতে টিভি নজরদারিতে ১৫ কর্মকর্তা নিয়োগ

গুজব ঠেকাতে টিভি নজরদারিতে ১৫ কর্মকর্তা নিয়োগ

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০, সন্ধ্যা ৭:১৬:
করোনাভাইরাস নিয়ে অপপ্রচার ও গুজব ঠেকাতে ৩০টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ওপর ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে সরকার। গত মঙ্গলবার (২৪ মার্চ) তথ্য মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। প্রত্যেক কর্মকর্তা দুটি করে টেলিভিশন চ্যানেলের সংবাদ দেখছেন। আদেশে বলা হয়, গত (২৪ মার্চ) কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ প্রতিহতকরণের প্রচার-প্রচারণা সংক্রান্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্তের আলোকে বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত বিশ্বব্যাপী করোনার সংক্রমণের বিষয়ে অপপ্রচার গুজব প্রচার করা হচ্ছে কি-না তা মনিটরিংয়ে সিদ্ধান্ত হয়।

Sunday, March 22, 2020

কক্সবাজারে পর্যটন শিক্ষা ও ক্যারিয়ার

কক্সবাজারে পর্যটন শিক্ষা ও ক্যারিয়ার

উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সুন্দর ক্যারিয়ার গড়ার স্বপ্ন কার না থাকে? সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বেড়ে চলছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষার্থীদের শিক্ষার চাহিদা মেটাতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে খুলছে নতুন বিভাগ। ‘ট্যুরিজম ও হহসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিভাগটি তেমনি একটি বিভাগ।

বাংলাদেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটক আকর্ষক স্থান রয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্যে যুগে যুগে অনেক ভ্রমণকারীরা মুগ্ধ হয়েছেন। বাংলাদেশের রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য ভূমি প্রভৃতি। সেই প্রাচীন কাল থেকেই এদেশের প্রাকৃতিক সৌন্দর্য্য পর্যটকদের মন জয় করে এসেছে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র বৈশিষ্ট্যে বিশেষায়িত। এ পর্যটন এলাকা গুলোর মধ্যে সবচেয়ে বেশি পর্যটকের সমাগম ঘটে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তাই কক্সবাজারে পর্যটন শিক্ষার প্রসার ঘটানো অতীব জরুরী।

সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। কক্সবাজার গেলে সকালে-বিকেলে সমুদ্রতীরে হাঁটতে কে না চাইবে। নীল জলরাশি আর শোঁ শোঁ গর্জনের মনোমুগ্ধকর দৃশ্য সবাইকেই আকৃষ্ট করে। অপরূপ সুন্দর বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, মাতার বাড়ি, শাহপরী, সেন্টমার্টিন, কক্সবাজারকে করেছে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। এ জেলার উপর দিয়ে বয়ে গেছে মাতা মুহুরী, বাঁকখালী, রেজু, কুহেলিয়অ ও নাফ নদী। পর্যটন, বনজসম্পদ, মৎস্য, শুটকিমাছ, শামুক, ঝিনুক ও সিলিকাসমৃদ্ধ বালুর জন্য কক্সবাজারের অবস্থান তাই ভ্রমণবিলাসী পর্যটকদের কাছে সবার উপরে। আর এই কক্সবাজারে রয়েছে পর্যটন শিল্পের বিশাল এক সম্ভাবনা। আর এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য প্রয়োজন এই বিষয়ের উপর পর্যাপ্ত জ্ঞান। তাই পর্যটন শিক্ষা আমাদের কক্সবাজারের যুবকদের জন্য বিশাল এক সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে।

অপার সম্ভাবনার পর্যটন খাত চলছে খুঁড়িয়ে
পর্যটনকে বলা হয় ‘অদৃশ্য রপ্তানি পণ্য’। এখানে কর্মসংস্থান, বিনিয়োগ ও আয়ের কোনো সীমা নেই। মেক্সিকো ও ইন্দোনেশিয়ার মোট রপ্তানি আয়ের প্রায় ৬০ ভাগ আসে পর্যটন খাত থেকে। গত বছর বিশ্বের মোট কর্মসংস্থানের ৯.৩ শতাংশ ছিল পর্যটন খাতে। পর্যটনের বিকাশ ঘটিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, তিউনেসিয়ার মতো অনেক দেশ বেকারত্ব দূর ও বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতির ভিত্তি মজবুত করতে সমর্থ হয়েছে। অথচ, বিশ্বের অন্যতম পর্যটনবান্ধব দেশ হয়েও সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে বাংলাদেশ পর্যটন শিল্পে তলানিতেই পড়ে আছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘ভ্রমণ ও পর্যটন প্রতিযোগী সক্ষমতা প্রতিবেদন-২০১৭’ অনুযায়ী ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫তম। পর্যটনের বিকাশে ২০১০ সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড- বিটিবি প্রতিষ্ঠা করা হলেও ৯ বছরে পর্যটন নিয়ে কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা হয়নি। পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন দিবসে র‌্যালি ও সভা-সেমিনারেই সীমাবদ্ধ দেশের পর্যটন শিল্পের বিকাশ।

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (ডব্লিউটিটিসি) ২০১৯ সালের প্রতিবেদন অনুযায়ী গত বছর বিশ্বের মোট জিডিপির ১০ দশমিক ৪ শতাংশ আসে ভ্রমণ ও পর্যটন খাত থেকে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এ খাতের অবদান ছিল ২ হাজার ৯৩৯ বিলিয়ন ডলার যা সমগ্র অর্থনীতির ৯ দশমিক ৯ শতাংশ। পর্যটনে কর্মসংস্থান ছিল ১৭৯ দশমিক ৬ মিলিয়ন, যা মোট কর্মসংস্থানের ৯ দশমিক ৩ ভাগ। গত পাঁচ বছরে প্রতি পাঁচটি নতুন চাকরির একটি সৃষ্টি হয়েছে পর্যটন খাতে। এ অঞ্চলে ২০১৮ সালে আন্তর্জাতিক পর্যটকরা খরচ করে ৫২৯ বিলিয়ন ডলার যা পুরো রপ্তানি আয়ের ৬ দশমিক ৩ শতাংশ। আন্তর্জাতিক পর্যটকদের ৮১ ভাগ ভ্রমণ করেন অবসর কাটাতে, বাকিরা ব্যবসায়িক কাজে। বাংলাদেশ সম্পর্কে চলতি বছর সংস্থাটি কোনো প্রতিবেদন প্রকাশ না করলেও ২০১৮ সালের প্রতিবেদনে দেখা গেছে, ২০১৭ সালে বৈশ্বিক জিডিপির ১০ দশমিক ৪ শতাংশ এসেছে পর্যটন থেকে, যেখানে বাংলাদেশে এই খাতের অবদান ছিল ২ দশমিক ২ শতাংশ। বিশ্বের মোট কর্মসংস্থানের ৯ দশমিক ৯ শতাংশ ছিল পর্যটন খাতে, যেখানে বাংলাদেশে ছিল ১ দশমিক ৮ শতাংশ। এদিকে ২০১৭ সালে বিদেশি পর্যটক থেকে থাইল্যান্ড আয় করে ৫৩ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে বাংলাদেশের আয় ছিল মাত্র দশমিক ২৩ বিলিয়ন ডলার। বিদেশি পর্যটক থেকে ভিয়েতনাম, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমারের আয়ও ছিল বাংলাদেশের চেয়ে কয়েকগুণ বেশি। বাংলাদেশ ব্যাংক থেকে পর্যটন বোর্ডে পাঠানো হিসাবে গত বছর বিদেশি পর্যটক থেকে বাংলাদেশের আয় দশমিক ০২ শতাংশের মতো বেড়েছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে আমাদের দেশে পর্যটন শিল্প থেকে কর্মসংস্থান এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

আর আমাদের কক্সবাজারে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ করে দিয়েছে কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত কক্সবাজার সিটি কলেজ। ২০১৫ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে এই কলেজে শুরু হয়েছে ৪ বছর মেয়াদি Tourism and Hospitality এর উপর BBA কোর্স। কক্সবাজার সিটি কলেজ সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে মাত্র নয়টি কলেজে এই কোর্স চালু আছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়েও এই কোর্স চালু আছে। যেহেতু ভবিষ্যতে এই শিল্পের সম্ভাবনা অনেক বেশি, তাই আরো বেশি শিক্ষা প্রতিষ্ঠানে এই কোর্স চালু করা উচিত।

আমাদের কক্সবাজার যেহেতু পর্যটনের একটি প্রাণকেন্দ্র, তাই কক্সবাজার সিটি কলেজের পর্যটন শিক্ষার বিষয়ে এই কোর্স চালু করাটা খুবই যৌক্তিক। আমাদের কক্সবাজারে প্রতিদিন হাজার হাজার বিদেশি পর্যটন আসেন ভ্রমণ করতে। তাদের সঠিকভাবে দিকনির্দেশনা এবং বিভিন্ন স্থান ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর জন্য প্রয়োজন ভ্রমণ গাইড। কিন্তু আমাদের কক্সবাজারে প্রয়োজনের তুলনায় ভ্রমণ গাইডের সংখ্যা খুবই কম। একারণে এই সেক্টরে কর্মসংস্থান করার বিরাট সুযোগ রয়েছে। পর্যটন শিক্ষার মাধ্যমে খুব সহজেই এই পেশায় নিজেকে আত্মনিয়োগ করা যায়। বিশেষ করে যারা খুব ভ্রমন পিপাসু তাদের জন্য এই পেশা অনেক ফলপ্রসূ হবে। একসাথে উপার্জনও হবে আর হবে ভ্রমণও। কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক হওয়ার ফলে খুব সহজেই একটি খোলা জীপে চড়ে সমুদ্র ও পাহাড়ের নান্দনিক দৃশ্য উপভোগ করা যায়।

মেয়েদের কর্মসংস্থান এর জন্য পর্যটন শিক্ষা অনেক সুযোগ করে দিয়েছে। বর্তমানে বিভিন্ন উন্নত মানের হোটেল মোটেল রেস্টুরেন্টে মেয়েদেরই বেশি অগ্রাধিকার দেওয়া হয়। সেই ক্ষেত্রে মেয়েদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করার জন্য পর্যটন শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

বর্তমান চাকরির বাজারে চাকরি পাওয়া অনেক দূর্লভ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একজন চাইলেই Tourism and Hospitality Management এর কোর্সটি কমপ্লিট করেই সহজেই একটি চাকরি করে দিতে পারেন অথবা কয়েকজন সমমনা বন্ধু নিয়ে একটা ট্রাভেল এজেন্সি চালাতে পারেন। এতে যেমন ভালো আয়ও হবে এবং মনের প্রশান্তির জন্য ভ্রমণ করাটাও হয়ে যাবে। এককথায় যারা স্বাধীন ভাবে জীবন যাপন করতে আগ্রহী তাদের জন্য এই পেশাটি একদম উপযোগী।

আমাদের কক্সবাজারে আগে পর্যটন নিয়ে পড়ালেখা করার কোন সুযোগ ছিলো না। কিন্তু বর্তমানে কক্সবাজার সিটি কলেজ এর কল্যাণে এই বিষয়ে বিবিএ কোর্স চালু হওয়ায় অত্র এলাকার যুব সমাজের জন্য বিরাট এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আমাদের কক্সবাজারে পর্যটকদের তুলনায় ভ্রমণ গাইড এর সংখ্যা অনেক কম। অদূর ভবিষ্যতে এই পেশা দেশের অগ্রগতিতে বিশাল অবদান রাখবে। ইতিমধ্যে উন্নত দেশ গুলোতে এই পেশা অনেক আকর্ষণীয় একটি পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিছু বছরের মধ্যে আমাদের দেশেও এই পেশা অনেক সমৃদ্ধ হবে। তাই আমাদের দেশে এই সেক্টরে ভ্রমণ গাইড এর অনেক চাহিদা বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতে আরো অনেক সমৃদ্ধ হবে।

বাংলাদেশকে প্রাকৃতিক ও ঐতিহ্যের সম্পদের রানী বলা হয়ে থাকে। দেশে অনেক জায়গা রয়েছে সেগুলো কাজে লাগিয়ে পর্যটন সেক্টরকে আরও ভালো করার সুযোগ রয়েছে। আর এসব পর্যটন জায়গাগুলোকে কেন্দ্র করে গড়ে উঠছে অনেক নামিদামি তারকা হোটেল এবং রিসোর্ট। এসব স্থান সুদক্ষ কর্মীর অভাবে ভালোভাবে পরিচালনা করা সম্ভব হয় না। পর্যাপ্ত পরিমাণে ট্যুরিস্ট গাইড ও হোটেল সার্ভিসিং কর্মকর্তার অভাবে বিদেশী পর্যটক কম আসে। এমনকি এ পেশায় কাজ করে বিদেশে ভালো করার সুযোগ রয়েছে। তাই আমাদের দেশে এই পেশার গুরুত্ব অনেক। এ পেশায় ক্যারিয়ার গড়তে পারলে নিজের কর্মসংস্থান এর পাশাপাশি দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হবে।